গ্রাহকদের বিমা দাবি পরিশোধে চূড়ান্তভাবে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি স্পষ্ট জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেখা যাচ্ছে ব্যাংকিং খাতের মতো দেশের বিমা খাতেও বড় ধরনের নৈরাজ্য বিরাজ করছে।
এদিন বিকেল ৪টা ২০ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজমুন নাহার (মহিলা আসন-৪০)-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বিমা খাতের এই ভঙ্গুর অবস্থার কথা তুলে ধরেন।
অর্থমন্ত্রী জানান, বিমা খাতের দীর্ঘদিনের এই বিশৃঙ্খলা ও নৈরাজ্য দূর করতে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে। এর অংশ হিসেবে দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) ঢেলে সাজানো হয়েছে। যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গ্রাহকদের প্রাপ্য দাবি পরিশোধ করছে না, তাদের জন্য আইডিআরএ ইতোমধ্যে নির্দিষ্ট সময়সীমা বেঁচে দিয়েছে।
বিমা কোম্পানিগুলোর অনিয়মের চিত্র তুলে ধরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক কোম্পানি বিধি বহির্ভূতভাবে গ্রাহকদের জমাকৃত অর্থ দিয়ে জমি ও সম্পত্তি ক্রয় করেছে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। গ্রাহকের আমানত এভাবে আটকে রাখায় দাবি পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। তবে এখন আইনি চাপে পড়ে সেই সম্পদ বিক্রি করে গ্রাহকদের বিমা দাবি পরিশোধ করতে তাদের বাধ্য করা হচ্ছে এবং এই প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
একই সংসদ সদস্যের অপর এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দেশের বিমা খাতের সামগ্রিক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনসহ মোট ৮২টি জীবন ও সাধারণ বিমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে আর্থিক অবস্থা দুর্বল এবং পরিচালন দক্ষতা অত্যন্ত নাজুক এমন আটটি বিমা কোম্পানির বিরুদ্ধে ইতোমধ্যে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ-র সরাসরি তত্ত্বাবধানে ওই আটটি সমস্যাগ্রস্ত কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহকের মাঝে এ পর্যন্ত মোট ৮৪ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করা সম্ভব হয়েছে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। আলাদা ব্যাংক হিসাব খোলার মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত গ্রাহকদের পাওনা বুঝিয়ে দেওয়া হচ্ছে। সরকারের এই কঠোর অবস্থানের ফলে অন্যান্য বিমা কোম্পানিগুলোও তাদের দাবি নিষ্পত্তির কার্যক্রম জোরদার করেছে, যা পুরো খাতকে কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
অনিয়মে জড়িত কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের বিষয়ে অর্থমন্ত্রী জানান, আইনগত ও আর্থিক দায়বদ্ধতা এবং সর্বোপরি গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, কোনো কোম্পানির লাইসেন্স বাতিল করা হলেও গ্রাহকদের প্রতি তাদের বিদ্যমান দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। গ্রাহকদের কষ্টার্জিত অর্থের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।
