প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেটে বিমাকারীদের বিনিয়োগ বাড়ছে, শীর্ষে ডিজিটাল প্রযুক্তি ও জ্বালানি খাত

বিশ্বব্যাপী ডিজিটাল অবকাঠামোর দ্রুত প্রসার এবং পরিবেশবান্ধব টেকসই জ্বালানি রূপান্তরের চাহিদা বৃদ্ধির ফলে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক মূলধনের নতুন প্রিয় গন্তব্য হয়ে উঠেছে অবকাঠামো খাত। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক ঋণমান নির্ধারণী সংস্থা ফিচ রেটিংসের এক বিশেষ গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, নিজেদের দীর্ঘমেয়াদি দায়ভার নিখুঁতভাবে সামাল দেওয়া এবং মূলধনের কার্যকারিতা বাড়াতে বৈশ্বিক বিমা প্রতিষ্ঠানগুলো এখন প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেটে তাদের বিনিয়োগ অর্থবহভাবে বাড়াচ্ছে।

ফিচ রেটিংস প্রকাশিত ‘দ্য ফিউচার অব ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স: অ্যাসেট ফোকাস, নিউ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টর অ্যাপেটাইট’ শীর্ষক এই প্রতিবেদনে অবকাঠামো অর্থায়নের আধুনিক বিবর্তন তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, অতীতে বিশ্বের বড় বড় অবকাঠামোগত মেগা প্রজেক্টগুলোতে মূলত পেনশন ফান্ড, সোভরেইন ওয়েলথ ফান্ড এবং ফ্যামিলি অফিসগুলোর একচ্ছত্র আধিপত্য ছিল। তবে সময় পরিবর্তনের সাথে সাথে সেই ধারায় পরিবর্তন এসেছে এবং এখন বিমা কোম্পানিগুলোও এসব প্রতিষ্ঠানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রধান বিনিয়োগকারী হিসেবে অংশ নিচ্ছে। বর্তমানে বিনিয়োগকারী ও ঋণগ্রহীতারা প্রথাগত অর্থায়নের বাইরে এসে প্রাইভেট ও পাবলিক ক্যাপিটাল মার্কেট থেকে বৈচিত্র্যময় সুযোগ নিতে করপোরেট ডেট, প্রজেক্ট ফাইন্যান্স এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্সের একটি সমন্বিত রূপ ব্যবহার করছেন।

বিমা খাত থেকে আসা এই বিশাল মূলধনের পেছনের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করেছেন ফিচ রেটিংসের মার্কেটস রিসার্চ বিভাগের প্রধান মনসুর হোসেন। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর সলভেন্সি এবং রিস্ক-বেসড ক্যাপিটাল ফ্রেমওয়ার্কের মতো কঠোর বিধিমালার কারণে বিমা প্রতিষ্ঠানগুলোকে তাদের মূলধন দক্ষতার ধারাবাহিক উন্নতি করতে হয়। এই আইনি ও অর্থনৈতিক ব্যবস্থার ভেতর থেকে দীর্ঘমেয়াদি দায়ের সমপরিমাণ সম্পদ ও নগদ প্রবাহ ধরে রাখার জন্য প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেট তাদের জন্য সবচেয়ে উপযুক্ত মাধ্যম হিসেবে কাজ করছে। পাশাপাশি প্রথাগত পেনশন ও রাষ্ট্রীয় ওয়েলথ ফান্ডগুলো এখনও এই খাতের কৌশলগত বড় মূলধনের বড় ভিত্তি হিসেবে অবস্থান ধরে রেখেছে।

প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছে যে, বিশ্বজুড়ে ডাটা সেন্টার স্থাপন, ক্লাউড নেটওয়ার্কিং ও বিদ্যুৎ খাতের মতো ক্যাপিটাল-ইন্টেনসিভ বা অধিক মূলধননির্ভর প্রকল্পে নতুন তহবিলের বিশাল চাহিদা তৈরি হয়েছে। ফলে বিনিয়োগকারীরা এমন কাঠামোর সন্ধান করছেন যা দীর্ঘমেয়াদি ক্যাশ ফ্লো, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক সংস্থার বিধানের সাথে খাপ খায়। অন্যদেক প্রকল্প উদ্যোক্তারাও শুধু ব্যাংক ঋণ বা সাধারণ করপোরেট বন্ডে সীমাবদ্ধ না থেকে যৌথ উদ্যোগের ব্যাক লিভারেজ, ক্রেডিট ট্রাঞ্চিং ও হাইব্রিড ডেটের মতো আধুনিক ও জটিল কাঠামোর দিকে ঝুঁকছেন।

অবকাঠামো ফাইন্যান্সের বিশ্বজুড়ে রূপান্তর নিয়ে ফিচ রেটিংসের প্রকাশিত ধারাবাহিক গবেষণার এটি ছিল দ্বিতীয় কিস্তি। নতুন ধারার বিনিয়োগকারীদের পদচারণা এবং উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতির ফলে সার্বিকভাবে ইনফ্রাস্ট্রাকচার ক্রেডিট বিশ্লেষণের ধরণেই এখন বৈপ্লবিক পরিবর্তন আসছে।

মন্তব্য করুন